রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার রাত ১০টার দিকে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের একাডেমিক ভবনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্ত কমিটি ঘোষণার পর প্রশাসনের হস্তক্ষেপে দুই বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে সরে যান।
